বিশেষ প্রতিনিধি, বদরগঞ্জ, রংপুর:প্রধানমন্ত্রীর ডাকে গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী (৪৮)।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে ছিলেন লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী।
শনিবার সকালে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জামশেদ আলী।
এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আহ্বানে আয়োজিত মহাসমাবেশে অংশ নিতে আনন্দ ও প্রত্যাশা নিয়ে ঢাকায় গিয়েছিলেন জামশেদ আলী। কিন্তু সেই সমাবেশে যোগ দেওয়ার আগেই তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।পরে প্রধানমন্ত্রী মৃত্যু ব্যক্তির জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করেন।তাতক্ষনিক রাতে সেই টাকা তার পরিবারের কাছে প্রেরণ করা হয়।পড়ে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন।