রংপুর প্রতিনিধি:রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে বন্ধু। তাদের মধ্যে সূর্য রায় (১৯) সদ্য এসএসসি পাস করেছেন। অপর নিহত সঞ্জিত রায় (১৮) ছিলেন দিনমজুর।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সূর্য রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে সঞ্জিত রায় ওরফে গাড্ডু (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্য রায় ও সঞ্জিত রায় মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। তারা ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে সঞ্জিত রায়ের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে হৃদয়বিদারক আহাজারি। ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তার মা। স্বজনরা জানান, সঞ্জিত পরিবারের আর্থিক সংকটের কারণে দিনমজুরের কাজ করতেন। তার বাবা ও তিনি বিভিন্ন সময় ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে সূর্য রায় সঞ্জিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই তারা সড়ক দুর্ঘটনায় পড়েছেন—এ খবর আসে। দরিদ্র পরিবারের দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলটি গঙ্গাচড়া থানার আওতাধীন হলেও কোতোয়ালি থানার কাছাকাছি হওয়ায় দ্রুত পুলিশ সেখানে পৌঁছায়। দুর্ঘটনাটি মহাসড়কে হওয়ায় হাইওয়ে পুলিশকেও অবগত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।