মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস থেকে সেপ্টেম্বর মাসের ওই বিলটি ইস্যু করা হয়। বিলের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট মিটারের রিডিং ছিল ১৬০ এবং ৮ সেপ্টেম্বর ৩৯৫—অর্থাৎ এক মাসে ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট।
কিন্তু ২৩৫ ইউনিটের বিপরীতে ডিমান্ড চার্জ দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ হয়ে বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ টাকা।
বিষয়টি জানাজানি হলে আড়পাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বিল সংশোধন করে। পরে প্রকৃত বিল নির্ধারণ করা হয় ১ হাজার ৯৬৩ টাকা, যা পরিশোধ করেছেন আলেয়া খাতুন।
আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম জানান, কম্পিউটারে বিল তৈরির সময় কর্মীদের টাইপিং ভুলে এমনটি হয়েছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।