বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে মো. আব্দুল জালাল (২৫) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল জালাল উপজেলার পুরাতন চৌপথি ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. মোজাহারুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজু মিয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও বিস্তারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।