সদর (রংপুর) প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শাফওয়ান স্বপ্ন যাত্রা সংস্থা (এস.এস.এস.)।
সংস্থাটির অর্থায়নে এবং স্বেচ্ছাসেবক সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, খোলা স্থান এবং উপযোগী এলাকায় গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করে অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
এ সময় স্বেচ্ছাসেবীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাফওয়ান স্বপ্ন যাত্রা সংস্থা (এস.এস.এস.)-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সবুজায়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগও গ্রহণ করা হবে।