তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে রংপুরের তারাগঞ্জে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টুর্নামেন্ট।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের অধীনে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি। এ সময় তিনি তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় আরও বেশি উৎসাহী হওয়ার আহ্বান জানান।পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহবান করেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।