বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাইপর্ব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শিশু-কিশোর খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি ও খেলাধুলার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিশু-কিশোররা নিজেদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও ক্রীড়ানৈপুণ্য তুলে ধরে। তাদের প্রাণচাঞ্চল্য ও প্রতিযোগিতামূলক মনোভাবে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর সদস্যসচিব মো. মাহমুদুন নবী এবং আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাসেল। এ ছাড়া আলমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইজানুর রহমান।
আলমপুর ইউনিয়নে বাছাইপর্বের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন পর্যায়ক্রমে উপজেলার অন্য চারটি ইউনিয়নেও অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ অক্টোবর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পদ্মপুকুর মাঠে, ৩১ অক্টোবর ইকরচালী ইউনিয়নের ইকরচালী হাই স্কুল মাঠে, ১ নভেম্বর কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং ২ নভেম্বর সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাই স্কুল মাঠে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।নির্ধারিত তারিখ ও স্থান অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে সকাল ৯টায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
তৃণমূল থেকে উঠে আসবে নতুন ক্রীড়া প্রতিভা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং খেলাধুলায় উৎসাহিত করে তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের এ উদ্যোগ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তারাগঞ্জে এ আয়োজন শিশু-কিশোরদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।