রংপুর প্রতিনিধি :রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে ধাওয়া করে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরে সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই দুই ব্যক্তির পিছু নেন। তাঁদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয় লোকজন বিভিন্ন দিক থেকে তাঁদের ধাওয়া করেন।
স্থানীয়দের দাবি, ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর সময় লোকজন চারদিক থেকে তাঁদের ঘিরে ফেলেন। একপর্যায়ে তাঁদের মারধর করা হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে। স্থানীয় লোকজনের অভিযোগ, নিহত দুই ব্যক্তি অটোরিকশাটি চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ঘটনাস্থলে মরদেহ, পুলিশের তদন্ত
ঘটনার পর উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ ঘিরে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করছিল।
অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই ব্যক্তির এমন মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।