রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জের নেকিরহাটে অনলাইন ভিসা প্রতারণার কাগজপত্র ও ভুয়া থাই লটারির কাগজপত্রসহ বেলাল হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট বাজারসংলগ্ন নেকিরহাট দাখিল মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রংপুর জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)–এর তত্ত্বাবধানে এসআই মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় বেলাল হোসেন মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলছিলেন। এ সময় তাঁর কাছে ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্রও পাওয়া যায়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারণার কাগজপত্র এবং ভুয়া থাই লটারির কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন তারাগঞ্জ উপজেলার নেকিরহাট এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলম মিয়া।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত নেওয়ার পর এ ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশি তথ্য অনুযায়ী, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬–এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
এ ঘটনায় ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযোগের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।