রংপুর প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো:সামিনুর রহমানকে (১৯) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন বলাকা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সামিনুর রহমান তারাগঞ্জ উপজেলার কৃষ্ণপুর বাহাদুরপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সামিনুরের প্রতিবেশী। গত ২৭ আগস্ট দুপুরে শিশুটির মা কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শিশুটিকে সামিনুরের বাড়ির দিক থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখেন। এ বিষয়ে জানতে চাইলে শিশুটি তার মাকে সামিনুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানায়।
পরে শিশুটিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৮ আগস্ট তারাগঞ্জ থানায় মামলা করেন। মামলাটির নম্বর-১৬।
মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুর ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে সামিনুর রহমানকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি আরও জানায়, নারী ও শিশুর প্রতি সহিংসতা, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।