November 6, 2026, 11:54 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে ৭ কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ

Reporter Name

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ধোলাইঘাট বাজার থেকে পীরপাড়া মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে।

সড়কের পিচ ও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। কোথাও কোথাও সড়ক পরিণত হয়েছে খালখন্দে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকেরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

সরেজমিনে দেখা যায়, ধোলাইঘাট বাজার থেকে পীরপাড়া মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে মাটি ও খোয়া বেরিয়ে গেছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বৃষ্টির পানি জমে অনেক গর্ত বাইরে থেকে বোঝার উপায় থাকে না। ফলে ঝুঁকি নিয়েই সড়ক দিয়ে চলাচল করছে অটোরিকশা, ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন।

স্থানীয়দের অভিযোগ, ১০ বছরেরও বেশি সময় ধরে সড়কটির উল্লেখযোগ্য কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে এর বিভিন্ন অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় বাসিন্দা লাভলু হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় পিচ-কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বিশেষ করে অটোরিকশা, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে।

এ বিষয়ে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের এমপির প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম বলেন, “ধোলাইঘাট থেকে পীরপাড়া মোড় পর্যন্ত সড়কটি আমরা সরেজমিনে দেখেছি। রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। বিষয়টি তারাগঞ্জ উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।”

তারাগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. নাফিউর রহমান বলেন, “আলমপুর ইউনিয়নের ২০০১ ও ২০০৫ নম্বর কোডের সড়ক দুটি আমরা পরিদর্শন করেছি। সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।”

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে। তাই বড় ধরনের দুর্ঘটনা কিংবা জনদুর্ভোগ আরও বাড়ার আগেই ধোলাইঘাট বাজার থেকে পিরপাড়া মোড় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক দ্রুত সংস্কার করতে হবে। একই সঙ্গে টেকসই সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা