মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:রংপুরের মিঠাপুকুর উপজেলার রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সদস্যদের বরণ অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ কমিটির সদস্যদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহেদুল হক। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতিই এগিয়ে যেতে পারে না।একটি শিশুর ক্যারিয়ার গঠনে শিক্ষকদের পাশাপাশি শিক্ষিত ও সচেতন মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আখতারা বানু বলেন, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কিছুদিন আগে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। আজ বিদ্যালয়ের সব শিক্ষক মিলে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানের সভাপতি ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দায়িত্ব নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করব।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম ও সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন।এছাড়া লটারির মাধ্যমে শিক্ষক ও কমিটির সদস্যদের পুরস্কার দেওয়ায় অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রেহানা খাতুন, সাইফুন নাহার, নাছিমা জামান, দিলরুবা সাথি ও কবিরুল ইসলাম কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা।
পরে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।