বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ঋণ খেলাপির মামলায় মো: শাহেদ বাদশা সাদ্দাম নামে এক দপ্তরী কাম প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের রায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫ লাখ ৮৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তার শাহেদ বাদশা সাদ্দাম বদরগঞ্জ উপজেলার নাটারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী হিসেবে কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে ঋণ গ্রহণের পর নিয়মিত কিস্তি পরিশোধ না করায় তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (এনআই অ্যাক্ট) ১৩৮ ধারায় মামলা করা হয়। এ ঘটনায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, বদরগঞ্জ, রংপুরে সিআর-৮৭/২৫ নম্বর মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে মামলাটি ন্যায়বিচারের স্বার্থে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩, রংপুরে বদলি করা হয়। সেখানে মামলাটি দায়রা মামলা নম্বর ৪৫৬/২৫ হিসেবে বিচারাধীন ছিল।
মামলার বিচারকার্য শেষে গত ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে আদালত আসামি শাহেদ বাদশা সাদ্দামকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫ লাখ ৮৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শাহেদ বাদশা সাদ্দামকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।