বুলবুল হোসেন, নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ (রংপুর):
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রংপুরের তারাগঞ্জে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু ‘বিদ্রোহের কবি’ নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, স্বাধীনচেতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, “কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের মধ্যে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে শিক্ষা রয়েছে, তা নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মাধ্যমে নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েও নজরুলকে জানার সুযোগ করে দিতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।প্রতিযোগিতায় নজরুলের কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা হচ্ছে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, পাঠ্যবইয়ের বাইরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা পৌঁছে দিতে এটি কার্যকর উদ্যোগ।