তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম। সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শামীম আলমকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন।
রোববার (১৬ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির সভাপতি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. রাশেদুল ইসলাম ও মো. শামীম আলম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পরিচালনা কমিটির মোট ১২ জন সদস্যের মধ্যে ১১ জন সদস্য নির্বাচনে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মো. রাশেদুল ইসলাম ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামীম আলম পান ৩ ভোট। একজন সদস্য অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি।
নির্বাচন পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রানী রায়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা তাঁকে সহযোগিতা করেন।
প্রধান শিক্ষক সুচিত্রা রানী রায় বলেন, কিছুদিন আগে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সভাপতি প্রয়োজন হওয়ায় নিয়ম অনুযায়ী আজ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। এতে রাশেদুল ইসলাম ৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো:রাশেদুল ইসলাম বলেন,আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি কমিটির সব সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ধন্যবাদ জানাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালনের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সভাপতি ও কমিটির সদস্যদের সমন্বিত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা তৈরি হবে।