তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম ও মিজানুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনায় দুজনই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শনিবার (২৪ অক্টোবর) আনুমানিক দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাড়িয়ারকুঠি ইউনিয়নের হাতিবান্ধার হাটসংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মোটরসাইকেল নিয়ে ডাঙ্গীরহাটের উদ্দেশে যাচ্ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম। পথে প্রামাণিকপাড়া মোড়ে মোটরসাইকেলটি মোড় নেওয়ার সময় পাশের একটি দোকানে বসে থাকা মিজানুর রহমানকে ধাক্কা দেয়।
এতে মিজানুর রহমান ছিটকে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় তাঁর কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অন্যদিকে, দুর্ঘটনায় রেজাউল করিমের মাথা ফেটে যায় এবং তিনিও ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহত দুজনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।