বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):‘আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই’— জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে তারাগঞ্জে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর বাসযোগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে সংক্ষিপ্ত এ পথসভায় অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর রংপুর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পথসভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মাখদুম আলমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে প্রধানমন্ত্রীর রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে।