রংপুর প্রতিনিধি:রংপুরে কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টশিপ-২০২৬-এর যুব কাবাডি অনূর্ধ্ব-২০ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তারাগঞ্জ থানা কাবাডি দল। টানটান উত্তেজনার ফাইনালে কোতয়ালী সদর রংপুর থানা দলকে ৪০-৩৮ পয়েন্টে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারাগঞ্জ।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রংপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় গংগাচড়া থানা দলকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় তারাগঞ্জ। পরদিন সোমবার একই মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে পীরগঞ্জ থানা দলকে হারিয়ে ফাইনালে ওঠে তারা।
ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। একপর্যায়ে পয়েন্টে ব্যবধান তৈরি হলেও শেষ পর্যন্ত তা ধরে রেখে ৪০-৩৮ ব্যবধানে জয় নিশ্চিত করে তারাগঞ্জ থানা দল। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে তারা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন রংপুরের পুলিশ সুপার মো: মোজাম্মেল হক। এ সময় রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার রেফারি ও জুরি বোর্ডের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
তারাগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ জয় শুধু কাবাডি দলের নয়, পুরো তারাগঞ্জবাসীর।দলের সাফল্যের পেছনে সহযোগিতা ও উৎসাহ দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে রংপুর জেলা পুলিশের একটি দল গঠন করে জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হবে।