রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় জমি দখল, হামলা, মাদক ব্যবসা, ভয়ভীতি ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে শাহিনুর বেগম ওরফে ‘শাহিনুর সুন্দরী’ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে। সর্বশেষ হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রংপুর সদর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে পূর্বশত্রুতার জেরে হরিদেবপুর ইউনিয়নের মহাদেবপুর পশ্চিম পাড়ায় হামলার ঘটনা ঘটে। এতে শাহিনুর বেগমের সৎ ভাই-বোন, বোন জামাইসহ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ, ভয়ভীতি ও হয়রানি চালানো হচ্ছে। মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাঁদের ওপর কয়েক দফা হামলাও হয়েছে বলে দাবি করেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, দুবাইপ্রবাসী নওশের আলম সুমন স্থানীয়দের ধর্মীয় সুবিধার জন্য ওয়াক্তিয়া মসজিদ নির্মাণে জমি কিনলেও জমি নিয়ে বিরোধের কারণে নির্মাণকাজ আটকে আছে। এ নিয়ে আদালতে মামলা হলে বিরোধ আরও জটিল আকার নেয়। প্রবাসী ও তাঁর পরিবারের পক্ষ থেকে হামলা, হুমকি ও জমি দখলের অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া শাহিনুর বেগম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে রংপুর সদর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) জহুরুল হক বলেন, হরিদেবপুরের মহাদেবপুরে মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও ঘটনার সত্যতা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।