নিজস্ব প্রতিবেদক:মাদকবিরোধী অভিযান পরিচালনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ইশরাক হোসেন বলেন, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্য তাঁর নজরে এসেছে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, পদত্যাগের পর তিনি আর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপির কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন।
এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
পোস্টের শেষাংশে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে ইশরাক হোসেন লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
তবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে তাঁর চূড়ান্ত ঘোষণা ও পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপের জন্য দুপুর ২টার সংবাদ সম্মেলনের দিকে নজর রয়েছে।