রংপুর প্রতিনিধি: আগামী ২০ অক্টোবর, মঙ্গলবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে পৌঁছে সড়কপথে রংপুর জেলার ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা হবেন।
সকাল ১১টার দিকে রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সফরসংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
রংপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগদানের পর বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখা থেকে প্রকাশিত সূচিতে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সফর ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।
সূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত সফরসূচি।