বুলবুল হোসেন, উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ৩৯ টন চাল বিতরণ করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। একই দিনে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে আরও ৯০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও লেটার) তুলে দেন সংসদ সদস্য।
উপজেলা সূত্রে জানা গেছে, চলতি বছর তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে ৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৩৯ হাজার কেজি বা ৩৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি এই বরাদ্দের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সহায়তা করা হবে।
এদিকে, চাল বিতরণ অনুষ্ঠানের আগে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ৯০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান তহবিল থেকে পাঁচজনকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আটজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হয়।
অনুদান ও চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ধর্মীয় উৎসব উদযাপনে সরকারি সহায়তা এবং অসহায় মানুষের জন্য আর্থিক অনুদান তাঁদের প্রয়োজন মেটাতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক,সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি বরাদ্দের চাল বিতরণ এবং অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।