নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন মূল্য কার্যকর হওয়ায় ভোক্তাদের রান্নার খরচ আরও বাড়ল। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১৯৫ টাকা থেকে বাড়িয়ে এক লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৯৯ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ মূল্য নির্ধারণের তথ্য জানিয়েছিলেন।
এবার চার মাসের ব্যবধানে ফের ৫ টাকা বাড়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াল ২০৪ টাকা লিটার। ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে দুই দফায় লিটারপ্রতি মোট ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম।
নতুন দাম বাজারে কত দ্রুত এবং কীভাবে কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে কি না, তা নিয়েও ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।